অরাজকতার শাসন চলছে উত্তরপ্রদেশে। হাথরাসে পৈশাচিক ধর্ষণের পর নির্যাতিতা তরুণীর মৃত্যুর ঘটনায় সারা ভারতজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। কিন্তু উত্তরপ্রদেশ সরকার চাপের মুখে তিন সদস্য বিশিষ্ট সিট গঠন করে তদন্ত চালালেও, তাদের তদন্তে কোনমতেই সন্তুষ্ট নয় দেশবাসী। হাথরাসের পর বলরামপুরেও এ রকমই এক পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটেছে। পরপর উত্তরপ্রদেশে এমন অন্ধকারময় পরিস্থিতির সৃষ্টি হওয়ার ফলে উত্তরপ্রদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। এমতাবস্থায় একটি ভিডিওতে দেখা গিয়েছে, হাথরাসে নিহত ওই তরুনীর বাড়িতে গিয়ে তরুনীর পরিবারের লোকজনকে রীতিমতো হুমকি দিচ্ছেন সেখানকার ডিএম। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সারা দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলেই উত্তরপ্রদেশ সরকারের এই ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছেন। সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের সম্মিলিত গর্জন।
এর আগেই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে এবং সেইসাথে বিরোধী যেকোনো নেতা-নেত্রীকে হাথরাসে ঢুকতে দেয়নি যোগী আদিত্যনাথ এর পুলিশ। এবার পুলিশ আটকে দিল বিশিষ্ট আইনজীবী সীমা কুশওয়াহা'কেও। সীমা কুশওয়াহা হলেন সেই আইনজীবী যিনি ২০১২ সালের নির্ভয়া ধর্ষণ মামলায় নির্ভয়ার মায়ের আইনজীবী ছিলেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় নির্ভয়া মামলার ৪ আসামী কে চলতি বছরেই মার্চ মাসে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। এই সীমা কুশওয়াহা হাথরাসে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে চেয়ে ছিলেন। তিনি এই উদ্দেশ্যে নির্যাতিতার পরিবারের দিকে রওনা হলে তাঁকে আটকে দেয় যোগীর পুলিশ। দীর্ঘক্ষন তাঁর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে পুলিশ। সীমা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি যোগীর পুলিশের এই অভব্যতার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেছেন, "ওই অসহায় মেয়েটি যখন অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ছিলো, সে ভালোভাবে কথাই বলতে পারছিলো না, তখন অবিলম্বে তাঁর ডাক্তারি পরীক্ষা করা অবশ্যই উচিৎ ছিলো প্রশাসনের। কিন্তু সেটা করা হয়নি। এদিকে মৃত তরুণীর পরিবারের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আমাকে ওই তরুণীর পরিবারের লোক ডেকেছেন। কিন্তু পুলিশ সেখানে ঘেঁষতে দিচ্ছে না।"
এভাবেই একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের তথা সংবাদমাধ্যমকেও হাথরাসের ওই নির্যাতিতা তরুণীর বাড়িতে যেতে বাধা দিয়ে চলেছে উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু প্রশ্নটা এখানেই উঠছে যে , ভারতের মতো গণতান্ত্রিক দেশে কেন পুলিশ এভাবে সংবাদমাধ্যমকে এবং বিশিষ্ট ব্যক্তিদের বাধা দিচ্ছে সেখানে যেতে?